নিজস্ব প্রতিনিধি ।। মার্কিন বাণিজ্যে ভারতকে বিপুল শুল্ক গুণতে হচ্ছে। তবে এই পরিস্থিতিতে আশার আলো ভারতের বাণিজ্যমহলে।সাধারণতন্ত্র দিবসের পরেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি নিয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে। সুত্রের খবর সাধারণতন্ত্র দিবসের অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইইউ নেতৃত্ব। তারপরেই দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত হতে পারে মুক্ত বাণিজ্য চুক্তি। আরও জানা গেছে,আগামী ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতে আসবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তাঁরা। তার পরের দিন অর্থাৎ ২৭ জানুয়ারি মুক্ত বাণিজ্য চুক্তি একেবারে চূড়ান্ত হয়ে যাবে বলেই আশাবাদী বিভিন্ন মহল।সুত্রের খবর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি অনেকটাই এগিয়ে গিয়েছে। ২৪টি অধ্যায়ের মধ্যে ২০টি অধ্যায় নিয়ে ইতিমধ্যেই দু’পক্ষ সহমত হয়েছে। বাকি অংশ নিয়ে আগামী কয়েকদিনে লাগাতার আলোচনা হবে।বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে গিয়েছিলেন। তবে এখনও চুক্তির সমস্ত শর্তাবলি চূড়ান্ত হয়নি। সেকারণেই সরকারিভাবে চুক্তি ঘোষণা করা যাচ্ছে না। তবে আগামী ২৭ জানুয়ারির মধ্যে এই বাণিজ্য চুক্তি নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত হয়ে যাবে বলেই মনে করছে কেন্দ্র।কৃষিক্ষেত্র সংক্রান্ত বিষয়গুলি এই চুক্তিতে থাকছে না বলেই জানা গিয়েছে। তবে উৎপাদন, প্রযুক্তি, শক্তিসম্পদ, ওষুধের মতো ক্ষেত্রগুলিকে চুক্তির আওতায় আনা হতে পারে। উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়া এবং তারপর বিরাট শুল্কবাণ আছড়ে পড়া-দুইয়ে মিলে বেশ ধাক্কা খেয়েছে ভারতের বাজার। সেই লোকসান সামাল দিতে বিকল্প বাজারের সন্ধান করছে ভারত।
