ধর্মনগর প্রতিনিধি, মিলন নাগঃ উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানায় ধরা পড়া ৫৬০ কেজি ৬০০ গ্রাম গাঁজা পাচার মামলায় এক অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর দুপুর প্রায় ১২টা নাগাদ চুড়াইবাড়ি থানার পুলিশ নিয়মিত তল্লাশি অভিযানের সময় ত্রিপুরা থেকে আসামগামী WB-59B-3256 নম্বরের একটি ১২ চাকার লরিকে আটক করে।
তল্লাশির সময় কর্তব্যরত মহিলা পুলিশ অফিসার উষা রানী দেবনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীদের সন্দেহ হওয়ায় গাড়িটির চালক দুই চালক কে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত সিজারুন এসকে স্বীকার করে যে গাড়ির ভেতরে গাঁজা রয়েছে। এরপর পুলিশ লরিটির গোপন কক্ষে তল্লাশি চালিয়ে ৮৪টি বান্ডিলে রাখা মোট ৫৬০ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয় এবং দুই অভিযুক্ত—পুলসাদ এসকে ও সিজারুন এসকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়।পরবর্তীতে মামলার বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার, ১৯ জুন আদালত অভিযুক্ত সিজারুন এসকেকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার রায় ঘোষণা করে।
তবে এই মামলার অপর অভিযুক্ত পুলসাদ এসকে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে জানা গেছে।এই রায়কে মাদক পাচারের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।
