খোয়াই, প্রীতম তাঁতি : ব্রিজ থেকে পড়ে গিয়ে সাধন দে (৮০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর নাগাদ খোয়াই থানার অন্তর্গত পূর্ব গণকী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃতের ছেলে জানিয়েছেন, শুক্রবার সকালে বাবাকে বাইকে বসিয়ে একসাথে ব্রিজ পার হওয়ার সময় আচমকা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান বাবা-ছেলে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাধন দে’কে মৃত বলে ঘোষণা করেন।
এই মৃত্যুর খবর পৌঁছাতেই হাসপাতাল ও বাড়িতে স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। পরিবারের সদস্যরা শোকে পুরোপুরি ভেঙে পড়েন। এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
