কাঁঠালিয়া,নারায়ণ বৈদ্য : কাঁঠালিয়া হাটবাজারে অতিরিক্ত ভিড় ও যানবাহনের চাপের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটনা ঘটে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে বৃহস্পতিবার বিশেষ উদ্যোগ গ্রহণ করে যাত্রাপুর থানা।
যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিকের নেতৃত্বে পুলিশ কাঁঠালিয়া বাজারে যানবাহন চেকিং অভিযান পরিচালনা করে। পাশাপাশি বাজারের ভেতরে ও আশপাশের এলাকায় কোনো যানবাহন যাতে অপ্রয়োজনীয়ভাবে দাঁড়িয়ে না থাকে এবং হাট চলাকালীন বাজারের মূল অংশে যান চলাচল নিয়ন্ত্রণে থাকে, সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও হাটে আসা সাধারণ মানুষ। তাঁদের মতে, হাটের দিনে বাজার এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। ফলে যানবাহন নিয়ন্ত্রণে থাকলে দুর্ঘটনার ঝুঁকি কমে এবং বাজারে চলাফেরা করাও অনেক সহজ হয়।
এ বিষয়ে যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, কাঁঠালিয়া হাটবাজারে সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। হাটের দিনগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে, সেজন্য নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় অভিযান চালানো হবে।
পুলিশের এই উদ্যোগকে এলাকার বাসিন্দারা সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
