ধর্মনগর, মিলন নাগঃ শুক্রবার ভোর রাতে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের বিবেকানন্দ রোড এলাকার একটি জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, রুপো ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয়।
দোকানের মালিক সঞ্জীত নাথ জানান, চলতি কাজের জন্য রাখা প্রায় ২ থেকে আড়াই ভরি স্বর্ণ, প্রায় দেড় কেজি রুপো এবং প্রায় ১ লক্ষ টাকা নগদ চুরি হয়েছে। ঘটনার পর দোকানে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে ধর্মনগর থানায় খবর দেন।
দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক সন্দেহভাজন চোরের ছবি ধরা পড়েছে। স্থানীয় সূত্রের দাবি, ওই ব্যক্তি গত তিন থেকে সাড়ে তিন বছর ধরে ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত।
যদিও পুলিশ দীর্ঘদিন ধরে তার সন্ধানে থাকলেও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ।খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি উঠেছে।
