ধর্মনগর,মিলন নাগ: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় দীর্ঘদিন ধরে বেহাল সড়কের প্রতিবাদে একই দিনে দুই জায়গায় সড়ক অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকরা। বৃহস্পতিবার সকালে ধর্মনগর-কদমতলা সড়কের নতুনবাজার এলাকায় এবং কদমতলা বাজার সংলগ্ন কদমতলা–তারকপুর–রানীবাড়ি সড়কে পৃথকভাবে অবরোধ গড়ে ওঠে।
এতে কয়েক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।নতুনবাজার এলাকায় অবরোধকারীদের অভিযোগ, ধর্মনগর-কদমতলা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং কর্দমাক্ত অবস্থার কারণে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তারা। বহুবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে বিষয়টি জানিয়েও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে নামেন।অন্যদিকে, একই সময়ে কদমতলা–তারকপুর–রানীবাড়ি সড়কের বেহাল দশার প্রতিবাদে কদমতলা এলাকায়ও অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকরা।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিকল্প হিসেবে প্রায় ৪০ দিন আগে যে রাস্তা ব্যবহার শুরু করা হয়েছিল, সেটিও বর্তমানে ভেঙে পড়েছে। একাধিকবার জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই আন্দোলনের পথ বেছে নেন তারা।
দুই জায়গাতেই অবরোধের জেরে সকাল থেকেই রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ, রোগী বহনকারী গাড়ি এবং সাধারণ যাত্রীরা।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পিডব্লিউডি-র এসডিও জয়দীপ ভট্টাচার্য, ধর্মনগরের ডিসিএম-সহ পুলিশ ও টিএসআর বাহিনীর বিশাল দল।
প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হয়। কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে এবং সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা হবে বলে জানানো হয়।প্রশাসনের আশ্বাসের পর অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করলেও স্পষ্ট জানিয়ে দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রাস্তার কাজ শুরু না হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
একই দিনে একই মহকুমায় দুটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে জনরোষে ফেটে পড়া এবং পৃথক দুটি অবরোধের ঘটনা উত্তর ত্রিপুরায় সড়ক পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয়দের দাবি, উন্নয়নের দাবি কেবল বক্তব্যে নয়, বাস্তবেও প্রতিফলিত হওয়া উচিত। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়কের দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চান সাধারণ মানুষ।
