আগরতলা প্রতিনিধি : ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, দেশপ্রেম ও জীবনদর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে আয়োজন করা হয়েছে ধারাবাহিক প্রভাত ফেরি কর্মসূচি।
ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে গত ২৩ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কাঁঠালতলী এলাকায় অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি।
এদিন প্রভাত ফেরি শুরুর আগে এলাকার বিধায়ক রামপ্রসাদ পালকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত এবং শুভেচ্ছা জানালেন কাঁঠালতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি অমিতাভ ঘোষ সহ যুব-মহিলা এবং মণ্ডল স্তরের একাধিক নেতৃত্ব।
প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে প্রভাত ফেরিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কমিউনিটি হলে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্ম নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ৫০০ টাকা করে পুরস্কার তুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।এই সভায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ ও দেশসেবামূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক রামপ্রসাদ পাল।
তিনি বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন আদর্শবান, সাহসী ও দেশপ্রেমিক নেতা। তৎকালীন সময়ে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল ডঃ মুখার্জিকে। পাশাপাশি তিনি আরও বলেন, “এক দেশ, এক নিশান”-এর যে ভাবনা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি তুলে ধরেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে দেশ এগিয়ে চলেছে।
এদিকে আয়োজকদের তরফে জানানো হয়েছে, ২৩ জুন থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
