ধর্মনগর প্রতিনিধি, মিলন নাগ : শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার পেকুচড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এক সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ। জানা গেছে, আটক ব্যক্তির নাম সুজন মিঞা, তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়া প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে আসামে প্রবেশ করে এবং দীর্ঘদিন বেঙ্গালুরুতে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সম্প্রতি প্রায় পাঁচ দিন আগে তিনি পানিসাগরের পেকুচড়া গ্রামের বাসিন্দা তোতা মিয়ার বাড়িতে এসে ওঠেন।স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সুজন মিঞার প্রথমে অসমের তোতা মিয়ার সঙ্গে পরিচয় হয় এবং সেই সূত্রেই তোতা মিয়া কে ‘চাচা’ বলে ডাকত। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় এলাকাবাসী বিষয়টি গুরুত্ব সহকারে নজরে আনে। সন্ধ্যার সময় তাকে বাড়িতে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে, যার ফলে সন্দেহ আরও গভীর হয়।এলাকাবাসীর অভিযোগ, আটক ব্যক্তি ভারতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে দালালের মাধ্যমে জাল কাগজপত্র তৈরির প্রক্রিয়া শুরু করেছিলেন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় জনগণ তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পানিসাগর থানার পুলিশের হাতে তুলে দেয়।বর্তমানে আটক বাংলাদেশি নাগরিক সুজন মিঞা পানিসাগর থানায় রয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
