ধর্মনগর প্রতিনিধি, মিলন নাগঃ আসন্ন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে শনিবার দুপুরে সিপিএমের ধর্মনগর মহকুমা অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য অভিজিৎ দে, সিপিএম রাজ্য সম্পাদ কমণ্ডলীর সদস্য তথা ৫৬ ধর্মনগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী অমিতাভ দত্ত, সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃত্ব।সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, আসন্ন উপনির্বাচনে সিপিএম প্রার্থী অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে দলের কর্মী-সমর্থকরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। ধর্মনগরের আপামর সাধারণ মানুষ—নারী-পুরুষ, জাতি-ধর্ম নির্বিশেষে—সকলকে সিপিএম প্রার্থীকে বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়ী করে বিধানসভায় পাঠানোর আহ্বান জানানো হয়।এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম প্রার্থী অমিতাভ দত্ত একটি অভিযোগের প্রসঙ্গ তুলে বলেন, গত ১২ মার্চ জোহুর উদ্দিন নামে এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টে অভিযোগ করা হয় যে, ধর্মনগর টাউন ইদগাহর অর্ধেক জায়গা তিনি বলপূর্বকভাবে দখল করে রেখেছেন।এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন অমিতাভ দত্ত। তিনি বলেন, উপনির্বাচনের প্রাক্কালে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং নির্বাচনে ক্ষতি করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।অমিতাভ দত্ত আরও দাবি করেন, জোহুর উদ্দিন বিজেপির একজন সক্রিয় সদস্য এবং তার সামাজিক মাধ্যমের কার্যকলাপেই তার প্রমাণ পাওয়া যায়। তিনি জানান, যদি আগামী ৭ দিনের মধ্যে জোহুর উদ্দিন সামাজিক মাধ্যমে তার অভিযোগের জন্য প্রকাশ্যে ক্ষমা না চান বা ভুল স্বীকার না করেন, তবে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
