ধর্মনগর প্রতিনিধি, মিলন নাগঃ গত ২১ মার্চ ধর্মনগরের মঙ্গলখালী এলাকায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে খালেদ আহমেদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই ঘটনায় পূর্বে এক অভিযুক্ত সোয়াব উদ্দিনকে গ্রেফতার করেছিল ধর্মনগর থানার পুলিশ।ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুনরায় অভিযানে নেমে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মিনা দেববর্মার নেতৃত্বে রাগনা এলাকা থেকে ধৃতদের পাকড়াও করা হয়। গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত হল হায়দার আলী এবং এমডি মইন উদ্দিন।পুরো বিষয়টি নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, ২১ মার্চের ওই ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করে পর্যায়ক্রমে গ্রেফতার করা হচ্ছে এবং তদন্ত এখনও অব্যাহত রয়েছে।উল্লেখ্য, ওই দিন সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গোটা যুবরাজনগর বিধানসভা কেন্দ্র উত্তাল হয়ে ওঠে। মঙ্গলখালী এলাকায় রাস্তা অবরোধ, অগ্নিসংযোগসহ একাধিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে এবং খুব শীঘ্রই আরও গ্রেফতার হতে পারে বলে আশা করা হচ্ছে।
