বিশালগড় প্রতিনিধি ।। ২০১৮ সালের ৩-রা মার্চ দুষ্কৃতিকারীদের আগুনে ভস্মীভূত হয়ে বন্ধ হওয়া কংগ্রেস ভবন প্রয়াত কংগ্রেস বিধায়ক পরিমল সাহার মৃত্যু দিবসে পুনরুদ্ধার করল কংগ্রেস কর্মীরা। ১৯৮৩ সালের ৭ এপ্রিল বিশালগড়ের অফিস টিলায় সিপিআইএম এর ঘাতক বাহিনীর হাতে নির্মমভাবে খুন হতে হয়েছিল তৎকালীন চড়িলামের কংগ্রেস বিধায়ক পরিমল সাহাকে। একইসঙ্গে পরিমল সাহার ঘনিষ্ঠ বন্ধু তথা কংগ্রেস কর্মী জিতেন্দ্র সাহা সেদিন খুন হয়েছিলেন। মঙ্গলবার ছিল বিধায়ক পরিমল সাহার ৪৩ তম মৃত্যুবার্ষিকী। প্রয়াত বিধায়কের মৃত্যুবার্ষিকী পালনের মধ্য দিয়ে এদিন বিশালগড় কংগ্রেস ভবনটি পুনরায় খোলা হয়। এদিন প্রথমে কংগ্রেস ভবনের সামনে প্রয়াত বিধায়ক পরিমল সাহার ছবিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কংগ্রেস কর্মীরা এবং পরে প্রয়াত বিধায়কের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস কর্মীরা। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা আইনজীবী নিগমানন্দ গোস্বামী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আরাফাত ইকবাল, যুব কংগ্রেস লিগ্যাল সেলের কো-ইনচার্জ এরশাদ মিয়া, স্থানীয় কংগ্রেস নেতা শান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা।এদিন নিগমানন্দ গোস্বামী বলেন, গত ৪৩ বছর আগে আজকের দিনে ঘাতক বাহিনী দ্বারা নৃশংসভাবে খুন হয়েছিল চরিলাম তথা এ রাজ্যের অন্যতম জনপ্রিয় বিধায়ক পরিমল সাহা। প্রয়াত বিধায়কের ভাব-আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে উনাকে স্মরণ করে উনার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরিমল সাহা ছিলেন অবিভক্ত বিশালগড়ের সর্বজন শ্রদ্ধেয় অন্যতম জনপ্রিয় জননেতা। পরিমল সাহার মৃত্যুতে বিশালগড় হারিয়েছে এক দক্ষ অভিভাবককে। তাই আগামী দিনে কংগ্রেস কর্মীদের বিধায়ক পরিমল সাহার আত্মত্যাগ এবং ভাবনা চিন্তাকে শ্রদ্ধা জানিয়ে এগিয়ে আসার আহ্বান জানান নিগমানন্দ গোস্বামী।
যদিও এদিন বিধায়ক পরিমল সাহার প্রয়াণ দিবস পালনের মধ্য দিয়ে নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে বিশালগড় নিচের বাজার স্থিত পার্টি অফিসটি পুনরুদ্ধার ছিল বিশালগড় কংগ্রেসের অন্যতম সাফল্য। এই পার্টি অফিসটি উদ্ধার করতে এসে আক্রান্ত হয়েছিলেন সাবেক প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট পীযূষ বিশ্বাস। যদিও ওনার ব্যক্তিগত দেহরক্ষীদের কল্যাণে সেদিন প্রাণে বেঁচে ফিরেছিলেন তিনি। এরপর আর কোন নেতৃত্ব এই কংগ্রেস ভবনটি আর উদ্ধারের চেষ্টা করেননি। ফলে দীর্ঘদিন যাবত স্থানীয় কিছু নেশাখোরদের আস্তানায় পরিণত হয়ে পরিত্যক্ত অবস্থায় ছিল এই ভবনটি। গত কিছুদিন যাবত নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা এ কংগ্রেস ভবনটিকে মেরামত করে পুনরুদ্ধার করে। এবং এখন থেকে কংগ্রেস দলের দলীয় কর্মসূচি এই ভবন থেকেই পরিচালিত হবে বলে জানিয়েছেন নেতৃত্বরা।
