কাঁঠালিয়া,নারায়ণ বৈদ্য : আজ পহেলা মে শুক্রবার, আন্তর্জাতিক শ্রমিক দিবস। সিপিআইএম এবং তাদের অঙ্গসংগঠনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদার সাথে এই দিনটি পালন করা হয়। অনেকেই যখন ভোরের ঘুমে আচ্ছন্ন। তখন কাঁঠালিয়ায় দেখা গেল ভোরের আলো ফোটার সাথে সাথে বাম কর্মী সমর্থকেরা গানে গানে প্রায় দুই কিলোমিটার সড়ক পরিক্রমা করেছে।সাতসকালে দলীয় পতাকা কাঁধে নিয়ে মাঝে মাঝে স্লোগান আর গানের তালে তালে সামনের দিকে এগুতে থাকে বামপন্থীরা।অনেকেই বলাবলি করছেন ২০১৮ সালের পর আজকের আগে এমন দৃশ্য কাঁঠালিয়াবাসীর নজরে আসে নি। আমাদের প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাতকারে সিপিআইএম কাঁঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক কৌশিক চন্দ বলেন,এই দিনটি সমগ্র পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য লড়াইও আত্মত্যাগের এক অত্যন্ত গৌরবময় দিন। ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরে “হে মার্কেটে” আট ঘন্টা কর্ম দিবসের দাবিতে শ্রমিকদের উপর পুঁজিবাদী সরকারের পুলিশ বাহিনী হামলা চালায় এবং কিছু শ্রমিক নিহত হয়। এরপর মিথ্যা মামলায় শ্রমিকদের কারারুদ্ধ করা হয় ও কয়েকজন নেতাকে ফাঁসি দেওয়া হয়। মে দিবসের ইতিহাস আমাদের সবার জানা আছে। তবে বর্তমানে আমাদের ভারতেও পরোক্ষভাবে পুঁজিবাদীরা রাজ্যে এবং গোটা দেশে শোষণ এবং বঞ্চনায় মানুষকে অতিষ্ট করে তুলছে। তারই প্রতিবাদে আমাদের সংগঠনগুলি সোচ্চার হচ্ছে।এদিন সোনামুড়া মহকুমার দক্ষিণে রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগেও বিভিন্ন গণসংগঠনগুলিকে সঙ্গে নিয়ে শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন অঞ্চল সম্পাদক মিজান মিঞা সহ সংগঠনের কর্মীরা। অনুরূপভাবে মহকুমার অন্তর্গত সিপিআইএম নলচর অঞ্চল কমিটির অফিস প্রাঙ্গনে ব্যাপক অংশের কর্মী সমর্থকদের নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। নেতৃত্বের মধ্যে ছিলেন রাধাবল্লব দেবনাথ, তপন দাস সহ অন্যান্য গণসংগঠনের নেতৃত্বরা।
