কাঁঠালিয়া, নারায়ণ বৈদ্য : গত শুক্রবার, ধনপুর বিধানসভার অন্তর্গত আনন্দপুর এডিসি ভিলেজের নং ওয়ার্ডের বানহরি পাড়ার বাসিন্দা বিশ্বরাই দেববর্মার বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।হত দরিদ্র পরিবারের যা কিছু ছিল সবকিছুই আগুনে পুড়ে এক্কেবারে সর্বশ্রান্ত হয়ে যায়। এদিন তারা কেউ বাড়িতে ছিল না। যে কারণে কিভাবে আগুন লাগল এই নিয়ে নানা প্রশ্ন উঠছে। বাড়ির মালিকের মেয়ের বিয়ের কথা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছিল। ঘরের ভিতর ৪৫ হাজার টাকা মেয়ের বিয়েতে খরচ করার জন্য রাখা ছিল। টাকা গুলিও পুড়ে ছাই হয়ে যায়। অর্থাৎ সবকিছুই শেষ, আগুন লাগার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কিছু লোক এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।সোমবার ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বেরা বিশ্বরাই দেববর্মার বাড়িতে যান। সহযোগিতা করার আশ্বাস দেন বিধায়ক বিন্দু দেবনাথ।এই কঠিন পরিস্থিতিতে বিধায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মেয়ের মা।বর্তমান পরিস্থিতিতে স্বামী স্ত্রী উভয়ে অন্যের বাড়ি ঘরে কাজ করে পরিবার চালান। এই অবস্থায় কিভাবে মেয়ের বিয়ে দেওয়া হবে ভেবে কুল পাচ্ছে না স্বামী স্ত্রী।
