ধর্মনগর,মিলন নাগ : উত্তর ত্রিপুরার ধর্মনগরে ফের বেপরোয়া গতির বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। বুধবার রাত প্রায় ১০টা ৪০ মিনিটে ধর্মনগর থানার পিছনে বাবুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনায় আহত হন পথচারী সৌরভ ভট্টাচার্য। পাশাপাশি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় জখম হন বাইক চালক সৌমিক দেবও। দু’জনকেই উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ।স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে সৌমিক দেব নামে এক যুবক দ্রুতগতিতে মোটরবাইক চালিয়ে বাবুর বাজার এলাকায় প্রবেশ করেন।
সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সৌরভ ভট্টাচার্যকে সজোরে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার তীব্রতায় সৌরভ গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিও দুর্ঘটনার কবলে পড়ায় চালক সৌমিক দেবও গুরুতর জখম হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত দু’জনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদ লেখা পর্যন্ত দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে দুর্ঘটনা ঘটল এবং বেপরোয়া গতিতে বাইক চালানোর ক্ষেত্রে কোনও আইনভঙ্গের ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ধর্মনগর শহরে রাতের বেলায় একাংশ যুবকদের বেপরোয়া মোটরবাইক চালানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। অভিযোগ, অতিরিক্ত গতির পাশাপাশি পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দ সৃষ্টি করা হচ্ছে, যা জননিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, পুলিশ প্রশাসন মাঝে মাঝে বিশেষ অভিযান চালালেও বেপরোয়া বাইক চালানোর প্রবণতা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বুধবার রাতের এই দুর্ঘটনার পর ফের প্রশ্ন উঠছে—সাধারণ মানুষের নিরাপত্তায় আরও কঠোর পদক্ষেপ কবে নেওয়া হবে?
