নিজস্ব প্রতিনিধি, খোয়াই : জাতীয় সড়কের বেহাল দশাকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানাল সিপিআই(এম)।
বৃহস্পতিবার রাজ্যব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খোয়াই মহকুমা কমিটির ডাকে জেলা শহরের সুভাষপার্ক সংলগ্ন জননেতা নৃপেন চক্রবর্তী অ্যাভিনিউয়ে বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্ঠিত হয় দুই ঘণ্টার গণঅবস্থান।
সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। “জাতীয় সড়ক কেন আজ মরণফাঁদ?”, “নির্মাণকাজে কমিশন বাণিজ্য কেন?”, “কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতায় আর কতদিন দুর্ভোগ?”—এমন নানা স্লোগানে সরব হয়ে ওঠে আন্দোলনস্থল।
সভাপতিমণ্ডলীতে ছিলেন সুবোধ দেববর্মা ও কানন দত্ত। গণঅবস্থানে বক্তব্য রাখেন সিপিআই(এম)-এর জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, খোয়াই মহকুমা সম্পাদক তথা বাম বিধায়ক নির্মল বিশ্বাস, রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিক, মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ দাস এবং মহকুমা কমিটির সদস্য গৌতম পাল।
বক্তারা অভিযোগ করেন, পাঁচ বছর ধরে জাতীয় সড়কের নির্মাণকাজ চললেও এখনও তা সম্পূর্ণ হয়নি। ফলে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি ও চরম দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ মানুষ।
তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনা এবং রাজ্য সরকারের ব্যর্থ তদারকির কারণেই জাতীয় সড়ক আজ কার্যত “মরণফাঁদে” পরিণত হয়েছে।মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন সিপিআই(এম) নেতারা।
তাঁদের বক্তব্য, রাজ্যের মাটি নরম এবং দীর্ঘ সময় বৃষ্টিপাতের অজুহাত দিয়ে সরকারের দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে। নেতাদের প্রশ্ন, যদি এই যুক্তিই সত্য হয়, তবে অতীতে একই রাজ্যে বিভিন্ন সড়ক নির্মাণ কীভাবে সম্পন্ন হয়েছিল?
বক্তারা আরও অভিযোগ করেন, জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক কমিশন বাণিজ্যের সংস্কৃতি গড়ে উঠেছে। তাঁদের দাবি, শাসকদলীয় প্রভাব ও কমিশনের চাপের কারণে ঠিকাদারি সংস্থাগুলো নিম্নমানের নির্মাণকাজ করতে বাধ্য হচ্ছে।
ফলে প্রকল্পের কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি জনগণের অর্থেরও অপচয় হচ্ছে।এদিনের গণঅবস্থান থেকে অবিলম্বে জাতীয় সড়কের নির্মাণকাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন, নিম্নমানের কাজের তদন্ত এবং দুর্ভোগের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
একই সঙ্গে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারিও দেন সিপিআই(এম) নেতারা।
