কুমারঘাট প্রতিনিধি, জনি ভট্টাচার্য ।। ঊনকোটি জেলার কুমারঘাটে গন অবস্থান সংগঠিত করলো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের দুই যুব সংগঠন। গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে কুমারঘাটের নেতাজি চৌমুহনীতে হয় গণ অবস্থান। সরকারি শূন্য পদ পূরণ, নেশা জুয়ার করাল গ্রাস থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে আন্দোলন গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনে ব্যবস্থা গ্রহণ করা, রাজনৈতিক সন্ত্রাস ও উপজাতিদের উপর আক্রমণ বন্ধ করা সহ এধরনের পাঁচ দফা দাবীর ভিত্তিতে হয় গণঅবস্থান। রাজ্যের উত্তর ও উনকোটি জেলার বাম যুব সংগঠনের যৌথ উদ্যোগে হয় এই গণ অবস্থান কর্মসূচি। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা সহ স্থানীয় নেতৃত্বরা। সভায় আলোচনা রাখতে গিয়ে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারের কাজকর্ম এবং নীতির বিরুদ্ধে সুর চড়ান নেতৃত্বরা।আলোচনা রাখতে গিয়ে সরকারের বিভিন্ন কাজকর্মের বিরোধীতায় সরব হন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযোগ করেন বেকারদের কর্মসংস্থানের বিষয়ে বিজেপি আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার সঙ্গে বাস্তবের কোন মিল নেই। এই বিষয়ে রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়েও সুর চড়ান জীতেন্দ্র।এদিনের কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে, যুব সংগঠনের নেতৃত্বরাও নানান ইস্যুতে আক্রমন করলেন বর্তমান শাসক দলকে। এদিন রাজ্যে নেশা সাম্রাজ্য ও সাম্প্রদায়িকতার ইস্যু টেনে বর্তমান সরকারকে একহাত নিলেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক।কর্মসূচিকে ঘিরে বেশ সাড়া পড়ে এলাকায়।
