উদয়পুর, বিপ্লব দে ।। শ্রী শ্রী রামচন্দ্র দেবের ১৬৬ তম জন্মমহোৎসব উপলক্ষ্যে উদয়পুর গিরিধারী পল্লীস্থিত শ্রী শ্রী রামঠাকুর আশ্রমে ৬ দিনব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হচ্ছে আগামী ২৭শে জানুয়ারি মঙ্গলবার। ঐদিন সন্ধ্যা ছটায় গঙ্গা আনয়নের মধ্য দিয়ে এই হরিনাম কীর্তন শুরু হবে।গঙ্গা আনয়নে এবং নগর পরিক্রমায় শ্রী শ্রী কৈবল্যধামের সপ্তম মহন্ত মহারাজ শ্রীমৎ কালিপদ ভট্টাচার্য উপস্থিত থাকবেন। আগামী ২৭শে জানুয়ারি থেকে হরিনাম কীর্তন শুরু হবে এবং শেষ হবে আগামী ১লা ফেব্রুয়ারি রবিবার। উদয়পুরের রামঠাকুর আশ্রমে এই হরিনাম কীর্তন উপলক্ষ্যে ২৭শে জানুয়ারি মঙ্গলবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির। শনিবার বিকাল সাড়ে চারটায় রাম ঠাকুর আশ্রমে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন গিরিধারী প্রতিষ্ঠিত রামঠাকুর আশ্রমের সভাপতি তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।তিনি আরো জানান, উৎসব চলাকালীন এই ছয় দিন, প্রতিদিন মধ্যাহ্নে সকল ভক্তবৃন্দের জন্য অন্ন ভোগের ব্যবস্থা থাকবে। এ বিশাল নামযজ্ঞের অনুষ্ঠানকে সুসম্পন্ন করার জন্য তিনি উদয়পুরের সমস্ত নাগরিকের অংশগ্রহণ এবং সহযোগিতা প্রত্যাশা করেন।
