সোনামুড়া প্রতিনিধি : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে এক বিশেষ বার্তা দিলেন সংগঠনের রাজ্য সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান। সোনামুড়া রাঙ্গামাটিয়া মাদ্রাসায় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি প্রশাসন এবং সাধারণ মানুষের নিকট আবেদন রাখেন চাঁদের তারিখ অনুযায়ী আগামী ২৮শে মে ২০২৬ইং রোজ বৃহস্পতিবার সারা ভারতের সাথে ত্রিপুরাতেও ঈদুল আযহা পালিত হবে।
ঐদিন সামর্থশালী হাজার হাজার মুসলমান গরু, ছাগল, মহিষ ইত্যাদি দ্বারা কুরবানী করবেন, যে প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। যাতে কুরবানীর এই ধর্মীয় কাজে কেহ বাধা বা বিশৃঙ্খলা কিংবা বিঘ্নিত ঘটাতে না পারে এবং সারা ত্রিপুরার মুসলিম এলাকার গ্রামগঞ্জে শান্তিতে ঈদের নামাজ পড়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কুরবানী করতে পারেন, তার জন্য রাজ্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও ভূমিকা নেওয়ার জন্য রাজ্য জমিয়তের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে।
কুরবানীদাতাদের নিকট বার্তা দেওয়া হচ্ছে যে নিজ নিজ কুরবানী দ্বারা প্রতিবেশী অন্য কোন ধর্মালম্বীদের অসুবিধা না করা, কোন হিন্দু বাড়ি ঘরের পাশে কুরবানী না করা, খোলা ময়দানে না করা, নিজ বাড়ির ভিতরে করা। কুরবানী করার পর যাবতীয় আবর্জনা মাটির নীচে পুঁতে দেওয়া হয় তার প্রতি দৃষ্টি রাখা।
ইসলাম ধর্ম কোন মানুষকে কষ্ট দেওয়া, জুলুম করা বা ক্ষতি করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে।তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ত্রিপুরার প্রাচীন ঐতিহ্য হিন্দু, মুসলিম, পাহাড়ী, বাঙ্গালীর মধ্যে মিলাপ্রীতির আদর্শকে আরো সুদৃঢ় করার জন্য অনুরোধ রইল। সাথে সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাজ্যের প্রগতি ও সমৃদ্ধির কামনা করা হচ্ছে। জমিয়ত চায় ধর্মনিরপক্ষ ভারতের ত্রিপুরা রাজ্যের সুনাম ও মর্যাদা আরো বেশি বৃদ্ধি হোক।
