ধর্মনগর প্রতিনিধি, শুক্রবার উত্তর ত্রিপুরা বিজেপি জেলা কার্যালয় অটল ভবনে কেন্দ্রীয় সরকারের বাজেটকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বানিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক বাজেটে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি খাতের অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে এবং যুবসমাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করে পরিষেবার মান উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বাজেটে নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা প্রকল্পের সম্প্রসারণ, স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক সহায়তা এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তি, স্টার্টআপ, পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগ বাড়ানো হয়েছে। শহর ও গ্রামীণ উন্নয়ন, আবাসন খাতে সুবিধা বৃদ্ধি, কর ব্যবস্থা সহজীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যাংকিং খাতকে শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পর্যটন ও রপ্তানি শিল্পের বিকাশের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে আত্মনির্ভর ও উন্নত দেশ গড়াই এই জনমুখী বাজেটের মূল লক্ষ্য।
