ধর্মনগর প্রতিনিধি, মিলন নাগঃ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ এখনও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তার আগেই বামফ্রন্ট তাদের প্রার্থী ঘোষণা করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের জন্য বামফ্রন্টের প্রার্থী হিসেবে অমিতাভ দত্তের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।প্রার্থী ঘোষণার পরই ধর্মনগর শহরে অমিতাভ দত্তকে সামনে রেখে একটি সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। বামফ্রন্টের অসংখ্য কর্মী-সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এবং প্রার্থীর সমর্থনে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের তৎপরতায় গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।রাজনৈতিক মহলের মতে, উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি অনেকটাই এগিয়ে নিয়ে গেল। এখন দেখার বিষয়, অন্য রাজনৈতিক দলগুলি কবে তাদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচারে নামে।
