কুমারঘাট, জনি ভট্টাচার্য ।। কুমারঘাট মহকুমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে ভক্তিভরে আরাধনা করা হয় জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর। সকাল থেকেই ধর্মীয় আচার মেনে চলে পূজার্চনা থেকে পুষ্পাঞ্জলি প্রদান।এদিন কুমারঘাট মহকুমার ফটিকরায় দ্বাদশশ্রেণী বিদ্যালয় এবং ফটিকরায় আম্বেদকর কলেজেও বিশেষ আয়োজনে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজো। শিক্ষাঙ্গনগুলিতে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে ছিলো আলাদা উন্মাদনা।ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সম্পূর্ণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত হয়েছে সরস্বতী পূজো। শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় মূর্তি আনা থেকে শুরু করে পূজোর যাবতীয় প্রস্তুতি সামলেছে তারা নিজেরাই। এই বিষয়ে ফটিকরায় দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্রী পল্লবী ঘোষ জানায়, এই দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকে সারাবছর।শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় তারা নিজেরাই করেছে সার্বিক আয়োজন। পুজোকে ঘিরে আনন্দিত সবাই।অন্যদিকে, ফটিকরায় আম্বেদকর কলেজেও ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত হলো সরস্বতী পূজো। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় দীর্ঘদিনের প্রস্তুতির পর এই পুজোর আয়োজন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কলেজ ছাত্রী দিপশিখা নাগ। এবছর নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর সঙ্গে সামঞ্জস্য রেখে নেতাজীর থিমে দেবী সরস্বতীর মূর্তি নির্মাণ করা হয়েছে, যা বিশেষ নজর কেড়েছে দর্শনার্থীদের।দীপশিখা জানায়“অনেক প্রতিকূলতার মধ্যেই তারা প্রথমবার সামলেছে কলেজে পূজোর দায়িত্ব। এই পুজো তাদের অনেক নতুন অভিজ্ঞতা দিয়েছে।ধর্মীয় আচার ও উৎসাহ উদ্দীপনায় এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভক্তিভরে আরাধনা হয়েছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর।পুজোকে কেন্দ্র করে রীতিমতো উৎসবমুখর পরিবেশ রাজ্যের বিভিন্ন জায়গায়।
