তেলিয়ামুড়া প্রতিনিধি।। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে ঘিরে রাজ্যের পাহাড়ি এলাকাগুলিতে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবুও বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছে। সেই আবহেই ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন ১১ তেলিয়ামুড়া মহারানী এডিসি ভিলেজ নির্বাচনী কেন্দ্রে সিপিআইএম মনোনীত প্রার্থী রতন কিশোর জমাতিয়ার সমর্থনে মানিক বাজার এলাকায় অনুষ্ঠিত হয় এক নির্বাচনী প্রকাশ্য সমাবেশ। সিপিআইএমের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ সিপিআইএম মহকুমা কমিটির একাধিক নেতৃত্ব।সভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বিজেপি ও তিপ্রা মথার বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেন, মানুষের প্রকৃত সমস্যার সমাধান না করে রাজনৈতিক বিভাজনের রাজনীতি করা হচ্ছে। জনগণের অধিকার রক্ষা এবং উন্নয়নের স্বার্থে বামপন্থী শক্তিকে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।এদিনের সভায় সিপিআইএম প্রার্থী রতন কিশোর জমাতিয়ার সমর্থনে দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও দেওয়া হয়।
