কুমারঘাট প্রতিনিধি ।। আগামী ১২ এপ্রিল ত্রিপুরায় এডিসি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক প্রচার কর্মসূচি। ঊনকোটি জেলার কুমারঘাটের মাছমারা আসনেও অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এই কেন্দ্রে কংগ্রেসের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্জুন রায়। প্রার্থীর সমর্থনে মাছমারা বাজারে অনুষ্ঠিত হলো কংগ্রেসের নির্বাচনী সভা। উপস্থিত ছিলেন সর্বভারতীয় প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন।সভায় আলোচনা রাখতে গিয়ে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন তীব্র ভাষায় আক্রমণ শানালেন শাসকদল বিজেপির বিরুদ্ধে। বিজেপির শাসনে সাধারন মানুষের রোজগার এবং বানিজ্যিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সুদীপ রায় বর্মন অভিযোগ করেন দেশকে কর্পোরেটদের হাতে বিক্রি করে দেওয়ার কাজ করছে মোদী সরকার। আগামী দিনে তা দেশের জন্য ভয়ঙ্কর বলে উদ্বেগ প্রকাশ করেন সুদীপ। তিনি অভিযোগ করেন দেশের এই পরিস্থিতিতে মানুষ যখন দিশেহারা তখন মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে ধর্মকে হাতিয়ার করছে বিজেপি। তিনি অভিযোগ করেন হিন্দুত্বের কথা বলে জয়শ্রীরাম স্লোগান তুলে আর ভারত মাতার নাম করে মানুষের উপর আক্রমন, জনগণের সম্পত্তি নষ্ট করছে বিজেপি। এরা কোন হিন্দু? সভা থেকে প্রশ্ন তোলেন সুদীপ রায় বর্মন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারন সম্পাদক তরুন সাহা, সম্পাদক সত্যবান দাস, ঊনকোটি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী ফুলকুমারী গোস্বামী, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব, কংগ্রেস প্রার্থী অর্জুন রায় সহ অন্যন্য কংগ্রেস নেতৃত্বরা।সভা থেকে আগামী এডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান নেতৃত্বরা।
