ধর্মনগর, মিলন নাগ : জনস্বার্থমূলক একাধিক দাবিকে সামনে রেখে মহকুমা শাসক দেবযানী চৌধুরীর কাছে ডেপুটেশন প্রদান করল ধর্মনগরের কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্যের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, গত চারদিন ধরে ধর্মনগর শহর ও শহরতলীর বিস্তীর্ণ এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সংকট। এর পাশাপাশি ধর্মনগর-কৈলাশহর সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, যা কার্যত ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে বলে অভিযোগ।এই তিনটি গুরুত্বপূর্ণ সমস্যার দ্রুত সমাধানের দাবিতেই মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় বলে জানান কংগ্রেস নেতৃত্ব।এদিন কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য শাসক দল বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন, “উপনির্বাচনের পর থেকেই শাসক দল ‘প্রসাদ বিলি’ও ‘প্রসাদ খাওয়ায় ব্যস্ত। কিন্তু সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার দিকে তাদের কোনও নজর নেই। বিদ্যুৎ, জল ও সড়কের মতো মৌলিক পরিষেবার অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও সরকার কোনও ইতিবাচক ভূমিকা নিচ্ছে না।তিনি আরও জানান, সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য মহকুমা শাসককে দুই দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
