শান্তিরবাজার, প্রতিনিধি : বিধায়ক প্রমোদ রিয়াংয়ের নিজের পাড়া বলে পরিচিত ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের কাঁঠালিয়া ছড়া ভিলেজ পঞ্চায়েত পাড়ায় বড়সড় ভাঙন ধরাল তিপ্রা মথা।
সিপিআইএম ও বিজেপি ছেড়ে মনি দেবনাথের নেতৃত্বে অ-জনজাতি ৩৫ পরিবারের ১৫৪ জন ভোটার তিপ্রা মথা দলে যোগ দেন মনি দেবনাথের বাড়িতে এক উঠান সভার মধ্যে দিয়ে।
তিপ্রা মথা নেতা তথা দক্ষিণ জোনাল চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংয়ের হাত ধরে তারা দলবদল করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন এমডিসি কেনারাম রিয়াং, সেন্ট্রাল কমিটির সদস্য সেলিম মিয়া এবং তিপ্রা মথার সিনিয়র লিডার অজয় সাহা, তিপ্রা মথা সিনিয়র লিড়ার চিত্ত দেববর্মা, প্রাক্তন ব্লক সভাপতি প্রতাপ রিয়াং, যুবনেতা রঞ্জু মজুমদার সহ অন্যান্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকার দলীয় কর্মী-সমর্থকদের সাথে বিধায়ক ও স্থানীয় কিছু নেতৃত্বের দূরত্বর ফলে এই যোগদান। সূত্রের খবর এডিসি নির্বাচনের পরে আর খবর নিচ্ছেন না এডিসি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের। নিজের পাড়ার কর্মী-সমর্থকদেরও ধরে রাখতে পারছেন না বিধায়ক প্রমোদ রিয়াং।
তার খাস তালুকেই একসাথে এতগুলো পরিবারের দলত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যোগদান সভায় হরেন্দ্র রিয়াং বলেন, “বিধায়কের নিজের এলাকার মানুষই আজ মুখ ফিরিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ তিপ্রা মথার পতাকাতলে এসে বুবাগ্রার হাত শক্ত করছে।
এই দলবদলের ফলে ৩৬ শান্তিরবাজার কেন্দ্রে শাসকদল যথেষ্ট চাপে পড়ল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নিজের পাড়ায় এভাবে জনবিচ্ছিন্ন হওয়ার ঘটনায় বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
