আগরতলা প্রতিনিধি ।। শনিবার উত্তর পূর্বাঞ্চলীয় যুব কংগ্রেস কর্ডিনেশন কমিটির এক প্রতিনিধি দল উত্তরাখণ্ডের দেরাদুনে নিহত ত্রিপুরার ছেলে এঞ্জেল চাকমার বাড়িতে গেলেন। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানালেন তারা। মৃতের বাবা কংগ্রেসের যুব নেতাদের জানালেন ঘটনার পর দেরাদুনের পুলিশ তাদের কোনরকম সহায়তা করেনি।এদিন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব মৃত এঞ্জেলের বাবার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে সমবেদনা জানালেন। নেতৃত্বরা আশ্বাস দিলেন এই ঘটনাকে কেন্দ্র করে দিকে দিকে প্রতিবাদের আওয়াজ জোরালো করা হবে।এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনা নিয়ে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ঘটনার পর ছুটে যান এঞ্জেলের বাড়িতে। শনিবার এঞ্জেলের বাড়িতে গেলেন ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, অরুণাচল প্রদেশের যুব কংগ্রেস সভাপতি তথা উত্তর-পূর্বাঞ্চলীয় যুব কংগ্রেস সমন্বয় কমিটির আহ্বায়ক জনি তারা, মেঘালয় রাজ্যের যুব কংগ্রেস সভাপতি কিমঝিম, পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রতিক্রিয়া দিতে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি। তিনি সরাসরি অভিযোগের আঙ্গুল তোলেন উত্তরাখণ্ডের বিজেপি পরিচালিত প্রশাসনের দিকে। তার বক্তব্য উত্তর পূর্বাঞ্চল থেকে যারাই বাইরে যাচ্ছেন তারা প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছেন। সবাই মিলে এর প্রতিবাদ করা উচিত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনায় সরব হয়েছেন। আগামীদিনে এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে যুবকংগ্রেস গর্জে উঠবে বলে এদিন জানান নীলকমল সাহা।
