কৈলাসহর প্রতিনিধি ।। সাম্প্রতিক কালে কেন্দ্রীয় সরকার এমজিএনরেগা প্রকল্পের নাম বদল করে ভি বি-জি রাম জি করেছে। এরই প্রতিবাদে কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার বিকেলে ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের নিকট গন ডেপুটেশন এবং এক বিক্ষোভ মিছিল কর্মসূচীর আয়োজন করা হয়। সেই বিক্ষোভ মিছিলে সাত হাজারেরও বেশী দলের কর্মী সমর্থকরা হাজির ছিলেন। ডেপুটেশন দেওয়ার পূর্বে কৈলাসহরের বিভিন্ন প্রান্তের দলীয় কর্মী সমর্থকরা গৌরনগর ব্লক প্রাংগনে মিলিত হয় এবং সেখান থেকে বিধায়ক বিরজিত সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামানের নেতৃত্বে শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন রাস্তা অতিক্রম করে জেলাশাসক অফিস প্রাংগনে আসার পর সেখানে দলীয় সভা অনুস্টিত হয়। সেই দলীয় সভায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দলীয় নেতৃত্বরা বক্তব্য প্রদান করেন। দলীয় সভা শেষে ছয়জনের এক প্রতিনিধি দল জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের নিকট ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিত সিনহা, জেলা কংগ্রেসের সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান, নারী নেত্রী তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষী নম:, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, শ্যামল ভট্টাচার্য এবং রতন দত্ত। ডেপুটেশন শেষে জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামান জানান, অবিলম্বে ভি বি-জি রাম জি-এর নাম বদল করে পুনরায় এমজিএনরেগা করতে হবে এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জেলাশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে। এছাড়া বিগত প্রায় ছয় মাস ধরে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্হ গ্রাম পঞ্চায়েত গুলোতে কোনো ধরনের রেগার কাজ শ্রমিকদের দেওয়া হয়নি। তাছাড়া ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ এই দুই অর্থবছরে রেগার মাধ্যমে বিভিন্ন কনস্ট্রাকশন কাজ করানো হয়েছিলো এবং সেই কাজের ফান্ড আজ অব্দি দেওয়া নি। সেই টাকা অবিলম্বে প্রদান করার জন্য জেলাশাসককে জানানো হয়েছে। এছাড়া গৌরনগর ব্লকের অধীনস্হ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় তিনশো মানুষকে টয়লেট করার জন্য বারো হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানোর পর টয়লেট নির্মাণ করা হয়ে যাবার পর এক বছর সময় অতিক্রান্ত হয়ে গেলেও আজ অব্দি কারোর একাউন্টে টাকা দেওয়া হয়নি বলে জেলাশাসককে জানানো হয়েছে।
